প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, বিচার-সংস্কার ও জাতীয় ঐক্যের দাবি নাহিদ ইসলামের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান, সন্তুষ্টি নির্ভর করবে সরকারের কার্যকর পদক্ষেপে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন ও জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না, জাতীয় স্বার্থে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় প্রায় আড়াইটায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন নেতারা।

নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি, জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন এবং অভিযোগপত্র দাখিলের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের বিষয়টিও আলোচনায় তুলে ধরেছে এনসিপি।

বৈঠকে দেশের পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্বের প্রশ্নেও নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন নাহিদ ইসলাম।

জাতীয় ঐক্যের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে নিয়ে দীর্ঘমেয়াদি ঐক্যের ভিত্তি ও রূপরেখা তৈরি করতে হবে। এই ঐক্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কিংবা বিএনপিকেন্দ্রিক দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে আধিপত্যবাদ ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে হবে।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে এনসিপি দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থাসহ মৌলিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দিয়েছে দলটি।

বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সন্তুষ্টি নির্ভর করবে সরকার শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয় তার ওপর।

বৈঠকে উত্থাপিত বিষয়গুলো সরকার বিবেচনা করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী বলে জানিয়েছেন এনসিপির নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এ বৈঠককে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার প্রকৃত সফলতা নির্ভর করবে জাতীয় ঐক্য, বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *