সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গঠনে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) শেরপুর জেলাশহরসহ জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডিসি উদ্যান, ম্যাজিস্ট্রেট ডরমেটরি, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকসহ অনেকেই। অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, আগাছা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

