সারের ডিলার নিয়োগে দলীয়করণ-লেনদেনের অভিযোগ, বিতর্কে সরকার

নিজস্ব প্রতিবেদক
৬৩ জেলায় ৮৫ শতাংশ ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়ার দাবি বিরোধীদের | স্বচ্ছ নিয়োগের দাবি, অনিয়ম তদন্তের আশ্বাস সরকারের
সারা দেশে সারের ডিলার নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। সংসদের ভেতরে-বাইরে এমন অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতারা। এমনকি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের বক্তব্যেও ডিলার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিরোধীদের অভিযোগ, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ ও প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয় বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এতে কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানো এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ১১ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তুলে ধরেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের ১০ জন আবার দলীয় নেতাদের স্ত্রী, সন্তান বা ভাগনি। সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্য অর্থের বিনিময়ে সুপারিশপত্র দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দলীয়করণ ও অর্থ লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগের অভিযোগ করেন জামায়াতের সংসদ সদস্যরা। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির গোলাম রসূল।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব এবং উত্তরাঞ্চলে সার সংকটের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ১৫১ জনও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে গত ১০ অক্টোবর জাতীয় কৃষক শক্তি এক বিবৃতিতে দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানায়।
ডিলার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুও। ময়মনসিংহ-৮ আসনের এই সংসদ সদস্য ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কে কোথা থেকে কত পার্সেন্ট টাকা নেয়, তা আমি জানি।’
অন্যদিকে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত ১৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীতে তিনি বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে।
তাঁর দাবি, ডিলারদের বড় অংশ বিগত সরকারের আমলে নিয়োগ পেয়েছেন। তাঁদের অসহযোগিতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। বিএনপির সংসদ সদস্য থাকা জেলাগুলোতে সারের সমস্যা না থাকলেও ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের এলাকায় সরকারকে বিব্রত করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়ে থাকতে পারে।
সব মিলিয়ে সারের ডিলার নিয়োগ নিয়ে রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে কৃষকের স্বার্থ, সার সরবরাহের স্বাভাবিকতা এবং নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ব্যবসায়ীদের মাধ্যমে সার বিতরণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *