বিএনপি সমর্থকের বাড়ির সামনে কাফনের পুতুল, এলাকায় আতঙ্ক

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড় পরানো খড়ের পুতুল, বেলকাঁটা ও লাল রঙের রহস্যময় নকশা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা জানাজানি হলে বাড়িটিতে ভিড় করেন উৎসুক গ্রামবাসী। কেউ একে জাদুটোনা, কেউ শত্রুতার ইঙ্গিত বলে ধারণা করছেন। তবে ঘটনার প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
ভুক্তভোগী আলী হোসেন (৫৫) জানান, সকালে ফজরের নামাজ শেষে বাড়ির প্রধান ফটক খুলতে গিয়ে তিনি অদ্ভুত দৃশ্যটি দেখতে পান। ফটকের সামনে আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত এঁকে তার ভেতরে ক্রস চিহ্ন দেওয়া ছিল। এর ওপর রাখা হয় কাফনের সাদা কাপড় পরানো খড়ের পুতুল। পুতুলটির বুকে ১৫ থেকে ২০টি বেলকাঁটা গেঁথে দেওয়া হয়। কাপড়ে লাল রঙের দাগ, হাত-পা বাঁধা অবস্থায় পুতুলটির পাশে গোলাপজলের বোতল ও আগরবাতির প্যাকেটও পাওয়া যায়। আগরবাতি জ্বালানোর চিহ্নও ছিল।
আলী হোসেনের দাবি, কারা, কেন এবং কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। গ্রামের কারও সঙ্গে তাঁর বা পরিবারের কোনো বিরোধ নেই। তিনি বিএনপির সমর্থক হলেও দলীয় কোনো পদে নেই এবং মিছিল-মিটিংয়েও অংশ নেন না। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর প্রায় ১০ বছর ধরে বাড়িতে বসবাস করছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন।
প্রতিবেশীরা জানান, আলী হোসেনের সঙ্গে কারও শত্রুতা রয়েছে বলে তাঁদের জানা নেই। তবে বাড়ির সামনে এমন রহস্যময় আয়োজন দেখে গ্রামবাসীর মধ্যে ভয় ও কৌতূহল তৈরি হয়েছে। কেউ একে জাদুটোনা, আবার কেউ সম্ভাব্য প্রাণনাশের হুমকি হিসেবে দেখছেন।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন ভীতিকর পরিবেশ তৈরি করেছে, তা খুঁজে বের করা জরুরি। ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত দাবি করেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি প্রথম জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *