দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
মোঃ জাবেদ হোসেনঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুরে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের মতামত শোনেন। পরে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার পূজার আগে, পূজা চলাকালীন এবং পূজা শেষে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

