পিরোজপুরের নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় উন্নয়নে গণমাধ্যম-প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় পিরোজপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, “জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “পিরোজপুরকে আরও সুন্দর, বাসযোগ্য ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করছি।”জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলার বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর-এর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভারের প্রতিনিধি জিয়াউল আহসান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, আমাদের সময়-এর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক খালিদ আবু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফসিউল আলম বাচ্চু, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার বার্তা ও ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সাংবাদিকরা পিরোজপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে নবাগত জেলা প্রশাসকের কার্যকর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে পিরোজপুরের উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

