পার্বতীপুরে এলপিজির বাড়তি দাম, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩, দিনাজপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমিন আজিজের নেতৃত্বে গ্যাস ডিলার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসআরবি-১৩ সূত্র জানায়, সম্প্রতি দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পরই হলদিবাড়ী নতুন বাজারে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় ভোক্তারা বলছেন, এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য কার্যকর রাখতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান প্রয়োজন। একই সঙ্গে ডিলারদের মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *