দুঃসময়ের পরীক্ষিত সৈনিক ইব্রাহীম জুয়েল, পৌর নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা
মোঃ জাবেদ হোসেনঃ আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নাম। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, একাধিকবার কারাবরণ এবং দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার কারণে তাঁকে ঘিরে বাড়ছে আগ্রহ।
ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করা ইব্রাহীম জুয়েল পরবর্তীতে জেলা ছাত্রদল, জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও কারাবরণের ঘটনাও রয়েছে বলে জানা গেছে।
রাজনীতির পাশাপাশি ব্যবসা ও গণমাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
পৌরবাসীর প্রত্যাশা—আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নাগরিকবান্ধব একটি পৌরসভা। এই প্রত্যাশার প্রেক্ষাপটে ইব্রাহীম জুয়েলের সম্ভাব্য নির্বাচনী ভূমিকা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনের মাঠে থাকবেন কি না এবং থাকলে তাঁর অবস্থান কতটা শক্তিশালী হবে—তা নির্ধারণ হবে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী সমীকরণে।

