ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ কুমিল্লায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার এলাকায় ডিবি কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ থেকে দুইজনকে এবং গ্রেফতার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ লালমাই বাজার এলাকায় অবস্থান নেয় এবং ডাকাতি সংঘটনের আগেই পাঁচজনকে ডাকাতির সরঞ্জামসহ আটক করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের মধ্যে জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুককে ডাকাত দলের সর্দার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), পিতা-মৃত কারী শহিদুল্লাহ, মাতা-মততাজ বেগম, সাং-হোসেনপুর (প্রধানিয়া বাড়ী), থানা-সদর, জেলা-চাঁদপুর। বর্তমানে কুমিল্লা কোতোয়ালী থানাধীন টমছম ব্রিজ এলাকার ছন্দু হোটেলের পশ্চিম পাশে হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।মোঃ মামুন মিজী (৪৫), পিতা-মৃত কালাম মিজী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ঢড্ডা (মিজী বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। বর্তমানে কচুয়া চৌমুহনী (তালতলা), সদর দক্ষিণ, কুমিল্লা।মোঃ কবির ভূইয়া (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-সাচইনমেঘ, নোয়াব আলী মুন্সী বাড়ি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মৃত ধুলুবারি, মাতা-ফাতেমা বেগম, সাং-মদনা, থানা-সদর, জেলা-চাঁদপুর। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-আবুল বাশার, মাতা-মনি বেগম, সাং-ভাটিয়ালপুর (গাজী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। বর্তমানে শিবপুর, লালমাই বাজার সংলগ্ন ডাক্তার বাড়ি, সদর দক্ষিণ, কুমিল্লা।
উদ্ধার ও জব্দ করা হয়েছে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, একটি কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ গাড়ি এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
