খুলনার নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ফলে অভূতপূর্ব সাফল্য,শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৪১ জন

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনঘেঁষা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম স্বনামধন্য ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান খুলনার নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ, মানসম্মত পাঠদান ও সুশিক্ষা প্রদানের ধারাবাহিকতায় এবারের ফলাফলে প্রতিষ্ঠানটি অর্জন করেছে গৌরবময় সাফল্য।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। এর মধ্যে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ (A+) অর্জন করেছে। ফলে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি এবার উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

এবারের ফলাফলে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরজা রায়তা জামান। মোট ১২৫০ নম্বরের মধ্যে ১২০৯ নম্বর অর্জন করে সে প্রতিষ্ঠানের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।

জাতীয় শিক্ষা সপ্তাহেও গৌরবময় অর্জন

এসএসসি পরীক্ষার ফলাফলের পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এও নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা অর্জন করেছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করেছেন।

সম্মিলিত প্রচেষ্টার ফসল এই সাফল্য

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার সম্মিলিত ফলই এবারের অসাধারণ সাফল্য।

এই গৌরবময় অর্জনে নৌবাহিনী প্রধান, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।

নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনার এবারের সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষাঙ্গনে মানসম্মত, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শতভাগ পাস, ৪১ জনের জিপিএ-৫ এবং ১২০৯ নম্বর অর্জনের এই সাফল্য ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”ছবি সংযুক্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *