সুন্দরগঞ্জে মা-ছেলের প্রকৃত হত্যাকারী নিহতের স্বামী ও সতীন, গ্রেফতার-১…
মো: মাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান আসামি নিহত আখির সতীন শাহিনা বেগমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহত আখির স্বামী আব্দুর রাজ্জাকসহ অভিযুক্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আঁখির বাবা মো. আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আঁখির স্বামী আঃ রাজ্জাক সহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েক জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আঁখির স্বামী আব্দুর রাজ্জাক রেলওয়েতে টাইম কিপারের চাকুরী করতেন। প্রায় ১৫-১৬ বছরে রাজ্জাক এবং আঁখির দাম্পত্য জীবনে তারা তিন সন্তানের জনক হয়েছেন, দুই মেয়ে ও এক ছেলে আদিল৷ আব্দুর রাজ্জাক বর্তমানে ঠাকুরগাঁ-এ কর্মরত রয়েছেন।
ঘটনা সুুত্রে জানা গেছে আব্দুর রাজ্জাক রেলওয়ের বামনডাঙ্গায় কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে বিয়ে করে কারো তোয়াক্কা না করে বাড়িতে নিয়ে যান৷ এরপর থেকেই আঁখির সঙ্গে স্বামী ও সতীনের পারিবারিক বিরোধ এবং নির্যাতনের ঘটনা ঘটতে থাকে এবং তারই ফলশ্রুতিতে এক পর্যায়ে নরপিশাচ ঘাতক স্বামী রাজ্জাক ও সতীন শাহিনা মিলে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ চালিয়েছে৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনা বেগমকে আটক করা হয়েছিল। পরদিন বুধবার মরদেহ দুটির দাফন সম্পন্ন হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘মা ও ছেলেকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এজাহারের প্রধান আসামি শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

