সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের সোলায়মান আলী (৬৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে বাড়িতে কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালাতেই রান্নাঘরে আগে থেকে লিকেজ হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে চিৎকার শুরু করেন।

স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন স্বামী সোলায়মান আলী। এ সময় তিনিও অগ্নিদগ্ধ হন। পরে রাতেই তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলীর মৃত্যু হয়। ওই দিন তাঁর মরদেহের সঙ্গে স্ত্রী আফরোজা বেগমকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২২ নভেম্বর ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *