পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেল স্কাউট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আঃ লতিফ তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আলহাজ্ব আঃ লতিফ সিকদার, আনোয়ারা বেগম, বেলায়েত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সহ-সম্পাদক খালেদা আক্তার হেনা, কোষাধ্যক্ষ কাজী শাহদাত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও সম্মানিত সিনিয়র সিটিজেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান রয়েছে। তাই প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।তারা আরও বলেন, আধুনিক সমাজব্যবস্থায় প্রবীণদের একাকীত্ব, স্বাস্থ্যসেবা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের সঙ্গে তাদের আন্তঃপ্রজন্মীয় সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে প্রবীণদের জন্য নিরাপদ, সম্মানজনক ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগও জোরদার করা জরুরি।আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের সুস্থ, নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

