স্থায়ী ঠিকানা জটিলতা কাটিয়ে চাকরিতে যোগ দিলেন মিশন আচার্য

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা—
স্থায়ী ঠিকানা জটিলতায় দীর্ঘদিন নিয়োগবঞ্চিত থাকার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য (৩১)।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন।
মিশন ঝিনাইদহ শহরের ৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রে কলাবাগান এলাকার স্থায়ী ঠিকানা উল্লেখ থাকলেও সেখানে নিজস্ব জমি বা বাড়ি না থাকায় তার নিয়োগ স্থগিত ছিল।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন জানান, সোমবার মিশন আচার্যের নিয়োগপত্র ইস্যু করা হয়। যোগদানের পর তাকে উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী ১১ অক্টোবর তাকে বিদ্যালয়ে পদায়ন করা হবে।
মিশন আচার্য বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান শেষে পরবর্তী নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছেন তিনি।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা জটিলতায় নিয়োগবঞ্চিত ছিলেন মিশন। বিষয়টি নিয়ে গত ৩০ অক্টোবর সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। পরে সংশ্লিষ্টদের উদ্যোগ ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তার নিয়োগপত্র ইস্যু করা হয়।
মিশনের মা ময়না আচার্য বলেন,আমাদের নিজেদের বাড়ি না থাকায় আমার ছেলের চাকরি বারবার আটকে যাচ্ছিল। এবার সবাই পাশে ছিল বলে শেষ পর্যন্ত তার নিয়োগ হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *