পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম, ডিআই-১ মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ মাহবুব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক মোঃ তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ পায়, সে লক্ষ্যে জেলা পুলিশের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে’র মতো কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং সেবার মান বাড়াতে জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্রধারী, মাদক সরবরাহকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, “মাদকসহ কেউ গ্রেপ্তার হলে কোনো ধরনের সুপারিশে কাজ হবে না। বরং কেউ অপরাধীর পক্ষে সুপারিশ করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু—এ কথাটি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।এ সময় তিনি পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চিহ্নিত সমস্যা সমাধান এবং অপরাধ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সম্মানিত নাগরিক ও সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

