গাজীপুরে উড়াল সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তান নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কে পড়ে যাওয়ার পর পেছন থেকে আসা একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের তিন সদস্য কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সফিপুর উড়াল সেতুতে পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও করা হচ্ছে।

গাজীপুরে উড়াল সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *