পিরোজপুর সদরের নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময়
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকরাও নিজেদের পরিচয় ও কর্মরত গণমাধ্যম সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।
মতবিনিময়কালে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন। একই সঙ্গে এসব সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উপজেলা প্রশাসনের নজরে তুলে ধরেন তারা।
সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন ইউএনও মো. ইফতেখারুল ইসলাম শামীম। জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।এ সময় সাংবাদিকরা বলেন, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মাঠপর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকরভাবে কাজ করতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা গণমাধ্যমের মাধ্যমেই প্রশাসনের নজরে আসে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন, “আমি সর্বদা আপনাদের পরামর্শ চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের উত্থাপিত জনদুর্ভোগ, নাগরিক সমস্যা ও বিভিন্ন অসঙ্গতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম।
সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, খালিদ আবু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

