পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার
অনলাইন ডেস্ক : পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। গ্রেপ্তার মো. মোজাম্মেল হক কবির (৫০) নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহ’র ছেলে।
পিবিআই জানিয়েছে, প্রতারক চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে নিজেদের পিবিআই, সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় বাদীর পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করত।
এরপর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের নামে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করত। এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় মামলা করেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হেসেন জানান, পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে শুক্রবার নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রটির সদস্যরা অন্যের নামে সিম নিবন্ধন করায় তাদের শনাক্ত করতে সময় লাগছিল। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে মোজাম্মেল হক কবিরের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন।
এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও প্রতারণার ঘটনা উদঘাটনে অভিযান চলছে।

