বটিয়াঘাটা সিমেন্ট ফ্যাক্টরির পেছনের নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার গোপালখালী এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরির পেছনের নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার কাতিয়ানাংলা (গোপালখালী) এলাকায় Premier Cement Mills PLC-এর পেছনের নদীতে ধাপের ভিতর মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি কীভাবে নদীতে এসেছে, এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।

উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদী ও নদীতীরবর্তী এলাকা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ২১ আগস্ট কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। একইভাবে ২২ আগস্ট তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটে।

একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তবে এসব ঘটনাকে সরাসরি হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করার আগে তদন্তের ফলাফল জানা জরুরি। এলাকাবাসী নদীপথে অপরাধ নিয়ন্ত্রণ, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে দ্রুত অনুসন্ধান এবং সন্দেহজনক ঘটনায় কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন। প্রশাসনও মূল ঘটনা উদঘাটনের বিষয়ে তৎপর বলে জানা গেছে।
পত্রিকার পাতায় চোখ রাখুন, আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ও মরদেহের পরিচয় শনাক্তসহ বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি জানানোর চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *