খুলনায় এনসিপির বিক্ষোভ সমাবেশ: আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দাবি

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
আওয়ামী লীগের শাসনামলের গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের বিচার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জনগণের গণরায়ের প্রতিফলন ঘটানোর দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর ডাকবাংলা চত্বরে আয়োজিত এ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত না হলে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক সহিংসতা বন্ধ করা কঠিন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন করতে হবে জুলাই জাতীয় সনদ ও জনগণের গণরায়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।

তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আশ্রয় হবে না। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারত্বের অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আখতার হোসেন আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না; উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এর আয়োজন করতে হবে। নির্যাতিত মানুষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে হবে। আয়নাঘরে বন্দিত্ব, ভোটাধিকার হরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে গিয়ে হুমকি এবং অপহরণ, গুম ও খুনের অভিযোগ পাওয়া যাচ্ছে। খুলনার মানুষ এসব ঘটনার প্রতিকার চায়। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনা দেখতে চায় না জনগণ।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে; কোনোভাবেই প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় এনসিপি। এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ন্যায়বিচার, ইনসাফ ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা ও আঞ্চলিক সংকটের বিষয়েও দাবি:
সমাবেশে বক্তারা বাংলাদেশের গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, ফারাক্কা বাঁধ ও পানিপ্রবাহের বিরূপ প্রভাব খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, পরিবেশ ও জনজীবনে নানা সংকট তৈরি করছে। পানিসংকট ও লবণাক্ততা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে হবে।

বক্তারা আওয়ামী লীগের শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং সারা দেশে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বটিয়াঘাটা থেকে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ:
খুলনার এ বিক্ষোভ সমাবেশে বটিয়াঘাটা উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীদের একটি বড় মিছিল অংশ নেয়। মিছিলটি বটিয়াঘাটা বাজার এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মূল কর্মসূচিতে যোগ দেয়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশে নতুন মাত্রা যোগ হয়।

বটিয়াঘাটা উপজেলা এনসিপির পক্ষে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার বিশ্বাস, সদস্যসচিব মো. অজিয়ার রহমান এবং সাংগঠনিক সম্পাদক এস এম সোহাগ রানা।

এ সময় জাতীয় ছাত্রশক্তি খুলনা জেলা শাখার সদস্যসচিব শেখ আহমেদ ওমর হামজা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তানভীর রহমান তামিম, যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরদার ও সংগঠক মুন্না হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, সদস্যসচিব হেলাল হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব আব্দুর রহিম ও রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্য:
এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে ডাকবাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন নিশ্চিত এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *