চাঁদপুরে স্থানীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদার বড় অংশ
মোঃ জাবেদ হোসেনঃআসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে স্থানীয়ভাবে লালন-পালন করা গবাদিপশু দিয়েই কোরবানির বড় অংশের চাহিদা পূরণ হবে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৬৬ হাজার ৯৮টি পশু, যেখানে মোট চাহিদা প্রায় ৭৫ হাজার।
প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ২৭ হাজার ৩৪৬টি ষাঁড়, ৮ হাজার ৩৬৬টি বলদ, ১০ হাজার ৫৭১টি গাভী, ১৯ হাজার ৩৪৬টি ছাগলসহ অন্যান্য পশু। জেলার ৪ হাজারের বেশি খামারি স্থানীয় খাবার দিয়ে পশু লালন-পালন করছেন।
খামারিরা বলছেন, ভারতীয় গরু আমদানি না হলে তারা ভালো দাম পাবেন। স্থানীয় ক্রেতারাও খামারিদের পশুর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক জানান, কোরবানির পশুর কোনো সংকট হবে না এবং বাকি চাহিদা মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে পূরণ হবে।

