বটিয়াঘাটা জলমা ভূমি অফিসের নায়েব কামরুজ্জামানকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামানকে জড়িয়ে একটি ফেসবুক পেজে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব পোস্টের তথ্যের যথাযথ সত্যতা যাচাই করা হয়নি। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নায়েব কামরুজ্জামানের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।
প্রতিবাদকারীরা বলেন, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করাই নিয়ম। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়।
তারা আরও বলেন, নায়েব মো. কামরুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগের সত্যতা থাকলে তা তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া উচিত। তদন্তের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দোষী হিসেবে উপস্থাপন করা তাঁর প্রতি অন্যায় এবং এতে একজন সরকারি কর্মকর্তার মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর বিষয়ে নায়েব মো. কামরুজ্জামানের বক্তব্য বা সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

