সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক উদ্ধার, আটক ১

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক উদ্ধার, আটক ১, গাঁজার সঙ্গে মেশানো হয় শক্তিশালী রাসায়নিক THC; সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের আগেই বিজিবির হাতে ধরা

সাতক্ষীরা সীমান্তে এবার মিলল ভয়ংকর প্রকৃতির নতুন সিনথেটিক মাদক ‘কুশ’। গাঁজার কুঁড়ির সঙ্গে শক্তিশালী রাসায়নিক টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে তৈরি এই মাদকের ১২ কেজি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্যসহ জব্দ করা আলামতের মোট বাজারমূল্য ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

এ ঘটনায় তারিকুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মাদকটি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষভাবে প্রস্তুত করা ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ১২ কেজি কুশের প্রতি গ্রামের খোলাবাজার মূল্য আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদক ও অন্যান্য আলামতের বাজারমূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ গাঁজা বা মারিজুয়ানার তুলনায় ‘কুশ’ অনেক বেশি শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ। গাঁজার কুঁড়ির সঙ্গে অতিরিক্ত মাত্রায় THC নামের রাসায়নিক মিশিয়ে এ ধরনের মাদক প্রস্তুত করা হয়। ফলে এর নেশাজনিত প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি সাধারণ গাঁজার তুলনায় বহুগুণ বেশি হতে পারে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতে এই মাদক পাচারের নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আটক তারিকুজ্জামানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *