টিআই প্রবীর কুমার দাসের ব্যতিক্রমধর্মী উদ্যোগে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে যানজট নিরসনে স্বস্তি ডিভাইডার স্থাপনে শৃঙ্খলায় ফিরছে যান চলাচল, প্রশংসায় ভাসছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা

মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও সড়কে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর ট্রাফিক বিভাগের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস। তার ব্যক্তিগত প্রচেষ্টা ও আন্তরিকতায় শহরের গুরুত্বপূর্ণ ওয়্যারলেস মোড়ে তিনটি সড়কে ডিভাইডার স্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে নগরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা যায়, চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা ওয়্যারলেস মোড় প্রতিদিন হাজারো যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মুখর থাকে। দীর্ঘদিন ধরে সেখানে অনিয়ন্ত্রিত যান চলাচল, উল্টো পথে গাড়ি প্রবেশ, অবৈধ পার্কিং এবং অসচেতনতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী নাগরিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এমন পরিস্থিতিতে শহরের যানজট কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন টিআই প্রবীর কুমার দাস। তিনি দেশের অন্যতম স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের সঙ্গে যোগাযোগ করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়্যারলেস মোড়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে ডিভাইডার স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।
ডিভাইডার স্থাপনের ফলে বর্তমানে যানবাহন নির্দিষ্ট লেনে চলাচল করছে। এতে করে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। পথচারীরাও নিরাপদে রাস্তা পারাপার করতে পারছেন। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত উদ্যোগে জনস্বার্থে এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। একজন দায়িত্বশীল ট্রাফিক কর্মকর্তার আন্তরিকতা ও জনসেবামূলক মানসিকতার কারণেই এটি সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন।
নগরবাসী আশা প্রকাশ করে বলেন, চাঁদপুর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় ও সড়কেও যদি একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে যানজট সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও কমে আসবে এবং নগরবাসী আরও স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন।
চাঁদপুরবাসীর প্রত্যাশা, জনস্বার্থে টিআই প্রবীর কুমার দাসের মতো মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শহরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *