ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে চাঁদপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেন ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার, আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত মো. রবিউল হাসান।
আগামী ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, শৃঙ্খলাপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ না রাখা, নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং প্রার্থীদের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে যোগ্য প্রার্থীরা ন্যায্যভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা সাইফুল্লাহ মো. নাছির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল, ফেনী) মো. ইমতিয়াজ আহম্মেদসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
ব্রিফিং শেষে আসন্ন নিয়োগ কার্যক্রম সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

