কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত প্রায় ৩টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ দ্রুতগতিতে চলছে এবং অল্প সময়ের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার পর থেকে ওই রুটে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।##

