হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দে জেলার হাজীগঞ্জ থানাধীন দোয়ালিয়া গ্রামের বশির উদ্দিন মিয়াজী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামী মোঃ জসিম (৩৩) এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার টিনের বেড়া ও ছাউনিযুক্ত তিন কক্ষ বিশিষ্ট চৌচালা ঘর থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৯ গ্রাম। এ ঘটনায় মোঃ জসিমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাজীগঞ্জ উপজেলার ০৫ নং পূর্ব হাজীগঞ্জ সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের মৃত দুলালের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *