মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হলো চাঁদপুর জেলা পুলিশ

মোঃ জাবেদ হোসেনঃআমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে “পুলিশ সপ্তাহ ২০২৬”। রবিবার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান, দিকনির্দেশনামূলক ভাষণ ও বিশেষ কল্যাণ সভার মাধ্যমে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সারাদেশের অন্যান্য ইউনিটের মতো চাঁদপুর জেলা পুলিশও ভার্চুয়ালি এই বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে। চাঁদপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান।
এছাড়াও চাঁদপুরে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট—সিআইডি, পিবিআই, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা ড্রিলশেডে উপস্থিত থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
বিশেষ কল্যাণ সভায় মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও মানবিকতা বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদানের প্রশংসাও করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও কল্যাণ সভা শেষে পুলিশ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মেসসহ জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ‘বড় খানা’ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের সকল স্তরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *