ফুলপুরে ভাতিজার হাতে চাচার দুই হাত বিচ্ছিন্ন
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভাতিজার হামলায় চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটার দিকে উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের দন্তা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায় মোঃ রানা মিয়া তার ছোট ভাই মাওলানা রাজিব হোসেন এবং ভগ্নিপতি মিথুন মিয়ার সঙ্গে ভাতিজা মোঃ বোরহান উদ্দিন ও তার সহযোগীদের মধ্যে জমি দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী পূর্ব পরিকল্পিত ভাবে বোরহান উদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে নিরস্ত্র তিনজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে মাওলানা মোঃ রাজিব হোসেন গুরুতর আহত হন এবং তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় রানা মিয়া ও মিথুন মিয়া গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়। গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফুলপুর সার্কেল এএসপি ও ফুলপুর থানার অসি মোঃ ফিরুজ হোসেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

