রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবক মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানদার। গতকাল রাত ৯টার দিকে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেহেদীর বাম পায়ে গুলি লাগে বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে গুলি করা হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে এলাকায় পুলিশ তদন্ত করছে। থানায় কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

