মাদক কেনাবেচা: মঠবাড়িয়ায় সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইয়াবা কেনাবেচার সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (সাবেক প্যানেল মেয়র) মো. হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।শুক্রবার রাতে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় হারুন কমিশনারের নিজ বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. হারুন অর রশিদ (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), মো. শহীদ গাজী (৪২), এবং মীর মিনহাজুল ইসলাম (২৭)।থানা সূত্রে জানা যায়, হারুন কমিশনারের পুরাতন বসতবাড়ির নিচতলায় মাদক কেনাবেচা চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে হারুন কমিশনার ভবনের ছাদ থেকে লাফ দেন। এতে তিনি নিচে পড়ে দুই পায়ের গোড়ালিতে গুরুতর আহত হন। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।অভিযানকালে ঘটনাস্থল থেকেই সকলকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

