কোন রাজনৈতিক দল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আসছে তা ‘কৌশলগত’ কারণে জানায়নি ১৪ দলীয় জোট


অপরাধ তথ্যচিত্র ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় মহাজোটের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে জোটটি। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটে কোন কোন রাজনৈতিক দল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আসছে তা ‘কৌশলগত’ কারণে জানায়নি ১৪ দলীয় জোট। রবিবার (১১ নভেম্বর) ১৪ দলীয় জোটের পক্ষ থেকে ইসিতে চিঠি দিতে আসেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য সচিব মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ একটি প্রতিনিধিদল। ইসিতে চিঠি দিয়ে যাওয়ার সময় নওফেল সাংবাদিকদের বলেন, ‘জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত তথ্য চেয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার অংশ হিসেবে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে জমা দিতে আমরা বাধ্য। আমাদের সঙ্গে কোন কোন দল নৌকা প্রতীকে নির্বাচন করবে, তাদের একটি তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’ দলগুলোর নাম প্রকাশ না করার কারণ হিসেবে নওফেল বলেন, ‘দলগুলোর নাম প্রকাশ না করা আমাদের রাজনৈতিক কৌশলের একটি অংশ। কাদের নিয়ে আমরা নির্বাচন করবো, তা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।’ জোটে দলের সংখ্যা কমলো না বাড়ল- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনকে জানিয়েছি, এই মুহূর্তে মন্তব্য করাটা সমীচীন হবে না।’ জাতীয় পার্টি জোটে আছে কি না জানতে চাইলে নওফেল বলেন, ‘আমি বলেছি ইতোমধ্যে, এটি একটি কনফিডেন্টশিয়াল (গোপনীয়) তথ্য এবং আইন অনুসারে সেটি আমরা জমা দিয়েছি। নির্বাচন কমিশন সেটা গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেবেন। যেহেতু আইনের বিষয় আছে, সেহেতু এই মুহূর্তে আমরা কোনও মন্তব্য করে আইনের ব্যত্যয় করবো না। কেননা, আমাদের কোনও অথরিটি নেই এই তথ্য প্রকাশ করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *