শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করেন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে ওই ঘটনায় কোন মাদক চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ঝোলগাঁও সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

