পিরোজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নারীর মানবাধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আহ্বান জানানো হয়।নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’—এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি খালেদা আক্তার হেনা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক নাছরিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মিনারা বেগম।বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, মূল্যবোধের বিকাশ ও সম্মিলিত প্রতিরোধ। নির্যাতনের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।তাঁরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ বাধাগ্রস্ত হবে। তাই অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীর অধিকার ও মর্যাদা সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান, পিরোজপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন শুকর, জ্যেষ্ঠ সহসভাপতি খেলাফত হোসেন খসরু, বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মজিবুর রহমান, আঞ্জুমানে মুফিদুলের পিরোজপুর সভাপতি লুৎফর রহমান, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট সাইদুর রহমান টিটো, সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম, পিডিএফের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না ও সাংবাদিক জাকির হোসেন।এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *