প্রাণিসম্পদ উন্নয়নে সমৃদ্ধির নতুন সম্ভাবনা বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে খুলনার বটিয়াঘাটায় পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান, সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন, বিএনপি নেতা জিয়াউর রহমান ও কামরুল ইসলাম, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাব এর অধ্যাপক ও সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইমরান হোসেন, রতন সাহা ও যুগ্ম সম্পাদক সেখ রাসেল, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় খামারিরা।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে তিনি বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতকে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। স্থানীয় খামারিদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণিসম্পদ উন্নয়নে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *