চাঁদপুরে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোররাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও কচুয়া থানা পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কোড়ালিয়া গনি হাই স্কুলের পেছনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল সদর মডেল থানা পুলিশের একটি দল।
এসআই (নিঃ) আবুল কালাম গাজীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দ্রুতগতিতে আসা একটি সিএনজি থামিয়ে আরাফাত হোসেন প্রকাশ সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার মোবাইল ফোন যাচাই করে বিদেশি পিস্তল হাতে তোলা একটি ছবি পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নাহিদ হাসানের কাছে রয়েছে বলে জানান।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কচুয়া থানাধীন করইশ গ্রামে নাহিদ হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নাহিদ হাসান (২৭), পিতা মোঃ জাকির হোসেন এবং মোঃ আরাফাত হোসেন প্রকাশ সানি (২১), পিতা মোঃ জাহাঙ্গীর আলম। তারা দুজনই কচুয়া থানার পৌর ৮নং ওয়ার্ডের করইশ গ্রামের বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখেছিলেন বলে জানায়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *