প্রজেক্টের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বটিয়াঘাটায় তদন্ত শুরু
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায় চিংড়িচাষি ক্লাস্টার প্রকল্পের নামে সরকারি অনুদান ও সদস্যদের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর চিংড়িচাষি ক্লাস্টারের ২১ সদস্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে গ্রামের ফারুক বিশ্বাস ও মিজানুর শেখের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, তিন বছর মেয়াদি শম্ভুনগর চিংড়িচাষি ক্লাস্টার প্রকল্পের নামে সোনালী ব্যাংকের বটিয়াঘাটা শাখা থেকে পুকুর খনন বাবদ ২৪ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অনুদান উত্তোলন করা হয়। এ ছাড়া ক্লাস্টারের ২৩ সদস্যের কাছ থেকে নেওয়া হয় আরও ৮ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকের অর্থ দিয়ে বিভিন্ন মালামাল কেনা হলেও সেসব অর্থের ব্যয়ের হিসাব সদস্যদের জানানো হয়নি।
অভিযোগে আরও বলা হয়, রশিদ শেখ, হযরত শেখ ও হামিদ খাঁর স্বাক্ষর জাল এবং সিল নকল করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের বাকি সদস্যরাও অর্থ ব্যয়ের বিষয়ে অবগত নন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সুষ্ঠু তদন্তে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাকে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তদন্ত অনুষ্ঠিত হয়।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও প্রকল্পের অর্থ ব্যয়ের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করছেন অভিযোগকারীরা।

