সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেফতার ও মানব বন্ধন
মো:মাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় এজাহার নামীয় দুই নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক।
এর আগে গতকাল দিবাগত বুধবার রাত ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের প্রায় দুই ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে নিজ বসতবাড়ি থেকে আইনুর নাহার আঁখি (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে অভিযান চালিয়ে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান,’গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
ঐই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার লক্ষে সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে আখি আক্তার ও তাঁর নিষ্পাপ শিশু সন্তান আদিল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

