শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া ও শ্রীবরদী উপজেলার রাজার পাহাড় এলাকায় হলদীগ্রাম ও কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব মদ জব্দ করেন। তবে এ ঘটনায় কোনো মাদক চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক পাচার নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালায় হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা একটি কার্টনে থাকা ৪৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা।
অপরদিকে একই সময়ে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের রাজার পাহাড় এলাকায় অভিযান চালায় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এ সময় মাদক চোরাকারবারিরা মদ ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

