বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ঘিরে অসন্তোষ? বটিয়াঘাটা সরকারি কলেজের ফটকে আগুন, ঝুলিয়ে দেওয়া হয় তালা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা সরকারি (ডিগ্রি) মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুধু আগুন দিয়েই ক্ষান্ত হয়নি তারা, ফটকে শিকল দিয়ে তালাও ঝুলিয়ে দেয়। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, গভীর রাতে প্রধান ফটকে আগুন জ্বলতে দেখে নৈশপ্রহরী পলাশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। আশপাশে কাউকে দেখতে না পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষকে জানান। সোমবার সকালে কলেজের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ ফটকের তালা খুলে দেয়। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলা প্রশাসনও ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে।
এদিকে, ঘটনার পেছনে কলেজের অভ্যন্তরীণ অসন্তোষ কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। এ সিদ্ধান্তে কোনো পক্ষ অসন্তুষ্ট হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। তবে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার সঙ্গে অগ্নিসংযোগের ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রোববার দিবাগত রাতে নৈশপ্রহরী তাঁকে ফোন করে আগুন লাগানোর বিষয়টি জানান। অন্যদিকে, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে এ ধরনের অগ্নিসংযোগ ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এবং কোন বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
প্রশ্ন এখন একটাই—একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে আগুন ও তালা ঝুলিয়ে দেওয়ার সাহস পেল কারা?

