পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান মালিকের ২ বছরের সশ্রম কারাদণ্ড, কারখানা সিলগালা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল-ভেজাল পণ্য, কাঁচামাল ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিনিগুঁড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু, ডিটারজেন্ট পাউডার ও সয়াবিন তেল। এছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল, ফ্লেভার ও অননুমোদিত রং উদ্ধার করা হয়।এ সময় উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটারও জব্দ করা হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।অভিযানকালে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বক্তব্য গ্রহণ করা হলে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।অভিযানে জব্দ করা নকল ও ভেজাল পণ্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য এবং উৎপাদনসামগ্রী পাওয়া যায়। এসব পণ্য ও সামগ্রী জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *