খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল গনি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসিমুল গনি ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে আরও তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি চায়ের দোকানে চা পান শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন নাসিম। ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নাসিম ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হামলাকারীরা গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নাসিমকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার পেছনে কী কারণ রয়েছে এবং হামলাকারীদের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *