বটিয়াঘাটায় ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ বাড়ি-দোকানে হামলার অভিযোগ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা বাজারের এক ব্যবসায়ীকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরদিন রাতের আঁধারে ওই ব্যবসায়ীর বাড়ি ও দোকানের বেড়া কুপিয়ে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা ও বটিয়াঘাটা বাজারের মঙ্গলী মার্কেটের মুদি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন (৩৮) গত ২৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো দোকানে যান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ০৯৬৩৮৫২০১০৯ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে।
অভিযোগে মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেন, ফোনের অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তি রাতের মধ্যে ৫ লাখ টাকা দেওয়ার দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে সুযোগ পেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে মোয়াজ্জেম হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থেকে অন্যত্র অবস্থান করছেন বলে তিনি অভিযোগে জানিয়েছেন।
এরই মধ্যে ২৪ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বাড়ি ও বাড়ির সঙ্গে থাকা দোকানের বেড়া দা দিয়ে কুপিয়ে কেটে তছনছ করে দেয় বলে অভিযোগ করেন তিনি। পরদিন ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মন্টু হাওলাদার নামে এক ব্যক্তি ফোন করে মোয়াজ্জেম হোসেনকে বাড়ি ও দোকানের বেড়া কেটে ফেলার বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন এবং পরে বটিয়াঘাটা থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বটিয়াঘাটা থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন। তবে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

