গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে ‘কালোজাদু’ করার সন্দেহে শ্বশুরকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মোজাম্মেল হক ওরফে মুজা
কালীগঞ্জ প্রতিনিধি,
গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে ‘কালোজাদু’ করার সন্দেহে শ্বশুরকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) নামের এক যুবক। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মজিদ মোড়ল (৭০) পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা। গত শুক্রবার বিকেলে তিনি জামালপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে বাজারের ভাঙারিপট্টির একটি গলিতে মাথায় কলার ছড়া নিয়ে যাওয়ার সময় জামাই মোজাম্মেল পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরদিন শনিবার সকালে মোজাম্মেল হক নিজ থেকেই কালীগঞ্জ থানায় হাজির হয়ে পুলিশকে জানান, “স্যার, আমি মোজাম্মেল। আমার শ্বশুর আমার বউকে কালোজাদু করে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং কোনো যোগাযোগ করতে দিতেন না। সেই ক্ষোভ থেকেই আমি তাঁকে কুপিয়ে হত্যা করেছি।”
ঘটনার বিবরণ জানিয়ে আসামিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

