বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত ইল ইভান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড সোহেল রানা মোল্যা, সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সেখ রাসেল, সহ সম্পাদক অরুপ জোদ্দার সহ আরও অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাক্তিত্ব।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, ন্যায়, মানবিকতা ও কল্যাণের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াাও বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ে, বটিয়াঘাটা হেড কোয়াটার্স মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিশালয় প্রাথমিক বিদ্যালয় সহ আরো অনেক জায়গায় সিরাতুন্নবী সা: পালিত হয়।

