তীব্র গ্যাস সংকটে ভালুকায় ২০ কারখানার শ্রমিকদের ছুটি ঘোষণা

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর গ্যাসের চাপ না থাকায় দুপুরের খাবারের সময় পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়া হয়।

শিল্প-কারখানা সংশ্লিষ্টরা জানান, ভালুকা পৌর এলাকা ও গ্যাস অফিসের আশপাশের কিছু কারখানায় গ্যাসের চাপ তুলনামূলকভাবে থাকলেও দূরবর্তী কারখানাগুলোতে গ্যাসের চাপ একেবারেই নেই। ফলে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, “সকাল থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের অভাবে শ্রমিকেরা সকালে কারখানায় এলেও ২০টি কারখানার শ্রমিকদের লাঞ্চ টাইম পর্যন্ত ধাপে ধাপে ছুটি দিয়ে দিতে হয়েছে।” তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে বাকি কারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। হঠাৎ তীব্র গ্যাস সংকটে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *