র‍্যাব-১১’র অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ জাবেদ হোসেনঃনারায়ণগঞ্জের ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি, ১০০ গ্রাম হেরোইন, দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র‍্যাব-১১ জানায়, ১৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রনি ভূঁইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে নিজ হাতে উল্লিখিত অস্ত্র, গুলি ও হেরোইন বের করে দেয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মহানগরীর ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *