চাঁদপুরে শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

মোঃ জাবেদ হোসেনঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভায় চাঁদপুর জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জন্মাষ্টমী উদযাপনের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও মতামত দেন। তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার উৎসব চলাকালে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে মন্দির ও সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানস্থল কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *