রাষ্ট্রপতি নির্বাচন: রুমিন ফারহানার প্রতিক্রিয়া

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টার পর এবং শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন।

তবে ভোটগ্রহণে অংশ নেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ভোট না দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবারই জানা। তাহলে এটাকে ভোট কেন বলব? সুতরাং এটা নির্বাচন নয়, মনোনয়ন।”

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের গণ-অভ্যুত্থান হয়েছে, যার সঙ্গে জাতির আত্মত্যাগ ও বহু মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে সবাই মিলে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা যেত বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা তার আপত্তির তৃতীয় কারণ হিসেবে বিএনপির অবস্থানের সমালোচনা করেন। তার দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা উল্লেখ করে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

তিনি বলেন, বিএনপি ২০১৬ সাল থেকে ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে সংস্কারের কথা বলে আসছে। অথচ এখন দলের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিলের কথা বলা হচ্ছে। “এ রকম প্রহসনের ভোট আমি কেন দেব?”—প্রশ্ন রাখেন রুমিন ফারহানা।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার কারণ হিসেবে তিনি মূলত নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তার অনুপস্থিতি, অরাজনৈতিক ও সর্বজনগ্রহণযোগ্য প্রার্থী না থাকা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *