হাইমচরে প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

মোঃ জাবেদ হোসেন:চাঁদপুরের হাইমচর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) হাইমচর থানাধীন উত্তর আলগী সাকিনস্থ নতুন পল্লী বিদ্যুৎ অফিস থেকে রায়ের বাজারগামী পাকা সড়কের মাথায় তিন রাস্তার মোড়ে গতিরোধকের সামনে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-২৫-৯৮৮৮ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির পেছনের ডিকি থেকে কালো স্কচটেপে মোড়ানো পৃথক চারটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক রাসেল মিয়াকে আটক করে পুলিশ।
গ্রেফতার রাসেল মিয়া বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্ট এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *